টাকা দিলেই স্টোরিতে বিশেষ সুবিধা আনছে ইনস্টাগ্রাম প্লাস, জানুন বিস্তারিত

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবার তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরিষেবা ‘ইনস্টাগ্রাম প্লাস’। মেটা-র এই নতুন পদক্ষেপে ফেসবুক বা এক্স-এর মতোই নির্দিষ্ট মাসিক ফি-র বিনিময়ে বিশেষ কিছু বাড়তি সুবিধা পাবেন গ্রাহকরা। মূলত স্ন্যাপচ্যাট প্লাস-এর আদলে তৈরি এই ফিচারের মাধ্যমে সাধারণ ইউজারদের অভিজ্ঞতায় বড়সড় বদল আসতে চলেছে।
‘ইনস্টাগ্রাম প্লাস’-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো গোপনীয়তা ও নিয়ন্ত্রণ। এই সাবস্ক্রিপশন থাকলে ব্যবহারকারীরা অন্যের স্টোরি দেখলেও ভিউয়ার লিস্টে তাদের নাম প্রকাশ পাবে না। পাশাপাশি, সাধারণ স্টোরি ২৪ ঘণ্টা থাকলেও প্লাস মেম্বারদের স্টোরি ৪৮ ঘণ্টা পর্যন্ত দৃশ্যমান থাকবে। এর সাথে থাকছে ‘ডাবল ভিউ ইনসাইটস’, যার মাধ্যমে জানা যাবে কে কতবার আপনার স্টোরি দেখছেন। এছাড়াও সুপার লাইক এবং কাস্টম অডিয়েন্স গ্রুপের মতো প্রিমিয়াম ফিচারও এতে অন্তর্ভুক্ত থাকছে।
বর্তমানে ফিলিপাইন, মেক্সিকো এবং জাপানে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হয়েছে। দেশভেদে এর মাসিক খরচে ভিন্নতা রয়েছে; যেমন ফিলিপাইনে প্রায় ১০০ টাকা এবং জাপানে ৩১৯ ইয়েন খরচ করতে হবে গ্রাহকদের। মেটা জানিয়েছে, এই পরিষেবাটি ‘মেটা ভেরিফায়েড’ বা ব্লু-টিক পরিষেবা থেকে সম্পূর্ণ আলাদা এবং এটি মূলত ব্যক্তিগত কনটেন্টের রিচ বাড়ানোর জন্য তৈরি। ভারতে এই পরিষেবা কবে আসবে তা এখনো স্পষ্ট না হলেও, প্রযুক্তি বিশ্বে এটি নিয়ে ইতিমধেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।