টানা দুইদিন নিখোঁজ থাকার পর টাঙ্গন নদীতে ভেসে উঠল দুই স্কুলছাত্রীর নিথর দেহ

মালদার গাজোল থানার টাঙ্গন নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হওয়া দুই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে বৈরডাঙ্গি এলাকায় সোমা হালদার (১৩) ও বর্ষা মজুমদার (১২) নামে দুই ছাত্রীর দেহ ভেসে ওঠে। গত দুদিন ধরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চালালেও তাদের হদিস পাওয়া যায়নি। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ির লোকজনকে না জানিয়েই তিন বন্ধু মিলে টাঙ্গন নদীতে স্নান করতে গিয়েছিল। সাঁতার না জানায় অসতর্কতাবশত তারা নদীর গভীর পাকে তলিয়ে যেতে থাকে। জয়িতা রায় নামে এক ছাত্রী কোনোক্রমে তীরে উঠে চিৎকার শুরু করলে গ্রামবাসীরা ছুটে আসেন, কিন্তু ততক্ষণে বাকি দুজন তলিয়ে যায়। মৃত সোমা ও বর্ষা যথাক্রমে সপ্তম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
একই এলাকার দুই পরিবারের একমাত্র মেয়ের আকস্মিক মৃত্যুতে রবীন্দ্রপল্লী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকার্ত বাবা কৃষ্ণ মজুমদার ও তপন হালদার জানিয়েছেন, খেলার ছলে নদীতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই বিপর্যয়ে ভেঙে পড়েছেন স্বজনরা। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির তদন্ত শুরু হয়েছে।