টালিগঞ্জে বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা, আটক নিউ আলিপুরের ব্যবসায়ী

টালিগঞ্জে বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা, আটক নিউ আলিপুরের ব্যবসায়ী

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে কালো টাকা ও বেআইনি লেনদেন রুখতে তৎপর প্রশাসন। রবিবার দক্ষিণ কলকাতার নেতাজিনগর থানা এলাকায় একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিউ আলিপুরের বাসিন্দা আশুতোষ আগরওয়াল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থ ইতিমধ্যেই আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির গাড়ির সিটের তলায় তল্লাশি চালিয়ে বান্ডিল বান্ডিল নোট খুঁজে পায়। এই বিশাল অঙ্কের টাকার উৎস কী এবং তা নির্বাচনের কোনো কাজে ব্যবহার করা হচ্ছিল কি না, তা জানতে তদন্তকারীরা ওই ব্যক্তিকে ম্যারাথন জেরা করছেন। কমিশনের নির্দেশ অনুযায়ী পুলিশ এই ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে আদর্শ নির্বাচনী বিধি বলবৎ রয়েছে। অবাধ ও স্বচ্ছ ভোট নিশ্চিত করতে লালবাজারের নির্দেশে শহর ও শহরতলিতে নাকাতল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। আয়কর দপ্তর খতিয়ে দেখছে উদ্ধার হওয়া অর্থের কোনো বৈধ নথিপত্র আছে কি না। যথাযথ প্রমাণ না মিললে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *