টিকিট না পেয়ে ক্ষোভ, চোখের জলে তৃণমূল ছাড়লেন খোকন মিয়াঁ

টিকিট না পেয়ে ক্ষোভ, চোখের জলে তৃণমূল ছাড়লেন খোকন মিয়াঁ

কোচবিহারের রাজনীতিতে বড়সড় রদবদল। টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূলের প্রবীণ নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ খোকন মিয়াঁ। শনিবার দুপুরে কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয়ে ধীরাজ কুমার সাহু ও প্রদীপকুমার বালমুচুর হাত থেকে কংগ্রেসের পতাকা তুলে নেন তিনি।

তৃণমূলের প্রতিষ্ঠালগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত থাকা খোকন মিঁয়ার অভিযোগ, বর্তমানে তৃণমূল আর কোনও রাজনৈতিক দল নেই, এটি একটি কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছে। পুরনো কর্মীদের কোনো সম্মান নেই এখানে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা দলের জন্য রক্ত ঘাম ঝরিয়েছে, ছেঁড়া জুতো পরে দেওয়াল লিখেছে, আজ তাদের বদলে খেলার মাঠ থেকে খেলোয়াড় এনে প্রার্থী করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঘোষ, জীতেন বর্মণ বা বিনয়কৃষ্ণ বর্মণের মতো পুরনো নেতাদের টিকিট না দেওয়া নিয়ে তীব্র অভিমান প্রকাশ করেন তিনি।

কংগ্রেস সূত্রে খবর, আসন্ন নির্বাচনে খোকন মিয়াঁকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। অন্যদিকে, তৃণমূল জেলা নেতৃত্ব বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে দাবি করেছে। জেলা সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ এবং চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মণ জানান, ক্ষোভ থাকলেও দলের ঊর্ধ্বে গিয়ে অন্য শিবিরে যোগ দেওয়া কাম্য নয়। তবে খোকন মিঁয়ার এই দলবদল কোচবিহারের ঘাসফুল শিবিরে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *