টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট ও বিসিবি নির্বাচনে অনিয়ম: তদন্তে নামছে ক্রীড়ামন্ত্রক

ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটকে বড় ধরনের ‘কূটনৈতিক ভুল’ হিসেবে দেখছেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে আইসিসি-র কাছে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছিল বিসিবি। দাবি পূরণ না হওয়ায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের নেপথ্যে থাকা কারণগুলো খতিয়ে দেখতে দ্বিতীয় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন মন্ত্রী।
ক্রীড়ামন্ত্রী জানান, ঈদের ছুটির পর এই কমিটি কাজ শুরু করবে এবং ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে। মূলত বাংলাদেশের ক্রীড়া কূটনীতির ব্যর্থতা এবং কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হলো, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখাই এই কমিটির প্রধান লক্ষ্য। ভবিষ্যতে যাতে বিশ্বমঞ্চে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে মন্ত্রক।
একইসঙ্গে বিসিবি-র গত নির্বাচনে দুর্নীতির অভিযোগ নিয়েও তদন্ত চলবে। অভিযোগ রয়েছে, সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও কয়েকজন ক্লাব কর্তার যোগসাজশে নির্বাচনে কারচুপি করা হয়েছে। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ আইসিসি-র নিয়মের পরিপন্থী হওয়ায় অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ক্রীড়ামন্ত্রী সরাসরি আইসিসি কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন।