টোল প্লাজায় নগদ লেনদেন বন্ধের সিদ্ধান্ত: ১ এপ্রিল থেকে বাস পরিষেবা অচল হওয়ার আশঙ্কা

টোল প্লাজায় নগদ লেনদেন বন্ধের সিদ্ধান্ত: ১ এপ্রিল থেকে বাস পরিষেবা অচল হওয়ার আশঙ্কা

জাতীয় সড়কে ফাস্ট্যাগের নতুন নিয়ম ও টোল প্লাজায় সম্পূর্ণ নগদহীন লেনদেন চালুর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাস মালিক সংগঠনগুলো। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলা এই নিয়মে ব্যক্তিগত গাড়ির বার্ষিক পাসের খরচ বেড়ে ৩০৭৫ টাকা হচ্ছে। একইসঙ্গে টোলে নগদ টাকা নেওয়া বন্ধ করার ঘোষণায় বিপাকে পড়েছেন বাসচালকরা। সাধারণ কর্মীদের পক্ষে ডিজিটাল লেনদেনের জটিলতা ও অতিরিক্ত খরচ বহন করা আসাম্ভব বলে দাবি জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের পক্ষ থেকে একগুচ্ছ দাবি পেশ করা হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে। এর মধ্যে রুট বাসগুলোকে বিশেষ ছাড়প্রাপ্ত শ্রেণিতে রাখা, নগদ লেনদেন চালু রাখা এবং টোল ফি না বাড়ানোর দাবি অন্যতম। এছাড়া জাতীয় সড়কে ধীরগতির যান চলাচল নিয়ন্ত্রণ এবং টোল প্লাজায় বাসের জন্য আলাদা লেনের দাবিও জানানো হয়েছে। অন্যথায় ১ এপ্রিল থেকে টোল প্লাজা দিয়ে বাস চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বোস স্পষ্ট জানিয়েছেন, নগদ লেনদেন বন্ধের নির্দেশ বহাল থাকলে রুট বাস পরিষেবা বন্ধ করা ছাড়া উপায় থাকবে না। এর ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হতে পারেন। উদ্ভূত এই পরিস্থিতির জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকেই দায়ী করেছেন বাস মালিকরা। সমস্যা সমাধানে দ্রুত হস্তক্ষেপ না করলে ১ এপ্রিল থেকে রাজ্যজুড়ে পরিবহন সংকটের আশঙ্কা প্রবল হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *