টোল প্লাজায় নৃত্যশিল্পীর তাণ্ডব, ফোন হারিয়ে ভাঙলেন তিনটি ব্যারিয়ার

উত্তরপ্রদেশের ঝাঁসিতে খজুরাহো হাইওয়ের লুহারি টোল প্লাজায় এক তরুণীর তাণ্ডব চালানোর চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই তরুণী পেশায় একজন অর্কেস্ট্রা নৃত্যশিল্পী বলে জানা গেছে। মোবাইল ফোন খুঁজে না পেয়ে মেজাজ হারিয়ে তিনি টোল প্লাজার তিনটি বুম ব্যারিয়ার ভেঙে গুঁড়িয়ে দেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই হাঙ্গামায় টোল কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার বিবরণে জানা গেছে, ওই তরুণী তাঁর এক বান্ধবীর সঙ্গে খজুরাহোতে একটি অনুষ্ঠান শেষ করে গাড়িতে ঝাঁসি ফিরছিলেন। ফেরার পথে লুহারি টোল প্লাজার কাছে তিনি বুঝতে পারেন যে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি কোথাও হারিয়ে গেছে। ফোন হারিয়ে যাওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে তিনি তৎক্ষণাৎ টোল কর্মীদের ওপর চড়াও হন।
তরুণী দাবি করেন, সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে এখনই মোবাইলটি খুঁজে দিতে হবে। টোল কর্মীরা তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে সংশ্লিষ্ট অপারেটর এই মুহূর্তে নেই, তাই সিসিটিভি দেখতে সামান্য সময় লাগবে। এই কথা শুনেই অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি এবং উপস্থিত কর্মীদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
রাগের মাথায় এরপর ওই তরুণী টোলের একের পর এক তিনটি বুম ব্যারিয়ার ভেঙে ফেলেন। সেখানে উপস্থিত কর্মীরা ও সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে এই দৃশ্য দেখছিলেন। পুরো ঘটনার ভিডিওটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। সরকারি সম্পত্তি নষ্ট করার এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।
সকরার থানার পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওর ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পর উপস্থিত লোকজন বুঝিয়ে-সুঝিয়ে তরুণীকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু সরকারি সম্পত্তি ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পুলিশ এখন তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তথ্যের সত্যতা যাচাইয়ের কাজ চলছে।