ট্রাইব্যুনালের শুনানিতে আবেদনকারীদের উপস্থিতির আর্জি জানিয়ে প্রধান বিচারপতিকে তৃণমূলের চিঠি

নির্বাচনী প্রক্রিয়ায় নাম বাদ পড়া ভোটারদের সুবিধার্থে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে পুনরায় চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। চিঠিতে দলটির পক্ষ থেকে মূলত ট্রাইব্যুনালের শুনানিতে আবেদনকারী বা তাঁদের অনুমোদিত প্রতিনিধিদের সশরীরে অথবা ভার্চুয়ালি উপস্থিত থাকার অনুমতি চাওয়া হয়েছে। এছাড়া, বিচার বিভাগীয় আধিকারিকরা কোনো নাম বাদ দিলে তার সুনির্দিষ্ট কারণ ভোটারকে জানানোর দাবিও জানানো হয়েছে।
তৃণমূলের আবেদন, অনলাইন ব্যবস্থার পাশাপাশি অফলাইন পদ্ধতিতে আপিল গ্রহণের প্রক্রিয়া দ্রুত চালু করে বিজ্ঞপ্তি জারি করা হোক। জেলাশাসক ও মহকুমা শাসকের পাশাপাশি বিডিও কার্যালয়েও যাতে আবেদন জমা নেওয়া হয়, সেই আর্জিও জানানো হয়েছে চিঠিতে। একই সঙ্গে অফলাইনে আবেদনকারীদের রসিদ প্রদান এবং শুনানির তারিখ আগে থেকে জানিয়ে দেওয়ার অনুরোধ করেছে ঘাসফুল শিবির।
এর আগে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে জানানো হয়েছে যে, নাম বাতিলের কারণ সংবলিত রিপোর্ট ট্রাইব্যুনালগুলি খতিয়ে দেখবে। তৃণমূলের সাম্প্রতিক চিঠিতেও কমিশনের পোর্টালে আবেদন প্রক্রিয়া সহজ করা এবং বিএলএ-দের এই প্রক্রিয়ায় যুক্ত করার দাবি তোলা হয়েছে। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই শাসক দল এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে রাজনৈতিক মহলের ধারণা।