ট্রাইব্যুনাল নিয়ে টালবাহানা প্রথম দফায় ১২ লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চিত

সুপ্রিম কোর্টে ট্রাইব্যুনাল চালুর প্রতিশ্রুতি দিলেও পরিকাঠামো সংকটে এখনও বিশ বাঁও জলে নির্বাচন কমিশনের পরিকল্পনা। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইব্যুনাল গঠনের কথা থাকলেও একমাত্র জোকা ছাড়া অন্য কোথাও কার্যালয় নির্দিষ্ট করা সম্ভব হয়নি। এমনকি আসন বিন্যাস ও সরঞ্জামের অভাবে অনেক বিচারপতি দায়িত্ব গ্রহণে অনীহা প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে।
আগামী ৬ এপ্রিল প্রথম দফার ১৫২টি কেন্দ্রের ভোটার তালিকা ‘ফ্রিজ’ হয়ে যাবে। এই সময়ের মধ্যে ট্রাইব্যুনাল কার্যকর না হওয়ায় সংশ্লিষ্ট এলাকার প্রায় ১২ লক্ষ ‘ডিলিটেড’ ভোটার ভোটাধিকার হারাতে বসেছেন। নাম বাদ পড়ার কারণ জানাতে আদালতের নির্দেশ থাকলেও কমিশনের নীরবতায় আবেদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ফলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
পরিস্থিতি সামাল দিতে নবান্নে স্বরাষ্ট্র ও পূর্ত দপ্তরের শীর্ষ কর্তারা জরুরি বৈঠক করেছেন। ট্রাইব্যুনালের জন্য কম্পিউটার, আসবাবপত্র ও কর্মী নিয়োগের কাজ দ্রুত করতে শর্ট টেন্ডারের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে মনোনয়ন পর্ব শেষের আগে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করে ট্রাইব্যুনাল চালু করা বড় চ্যালেঞ্জ। আপাতত কমিশনের ব্যর্থতায় প্রথম দফার কয়েক লক্ষ ভোটারের ভাগ্য ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।