ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ৭ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে পোর্টাল

ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ৭ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে পোর্টাল

রাজ্যের এসআইআর মামলার শুনানিতে ট্রাইব্যুনাল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটি আগামীকাল, ৭ এপ্রিলের মধ্যে ১৯টি আপিল ট্রাইব্যুনালের জন্য একটি বাধ্যতামূলক প্রক্রিয়ার রূপরেখা তৈরি করবে। দ্রুত নিষ্পত্তির লক্ষে অফলাইনে আবেদন জমা দিলে জেলাশাসকের দপ্তর থেকে রশিদ প্রদান এবং আবেদনের স্থান নির্ধারণের দায়িত্বও কমিটির ওপর ন্যস্ত করা হয়েছে।

শীর্ষ আদালত স্পষ্ট করেছে যে, শুধুমাত্র ডিজিটাল সিগনেচার আপলোড করার জন্য আগামী ৭ এপ্রিল পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। সোমবার রাতের মধ্যেই কমিশনকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ট্রাইব্যুনাল প্রক্রিয়া নিয়ে জটিলতা কাটাতে এবং বাদ পড়া ভোটারদের সুবিধার্থে কমিশনকে বিশেষ সহযোগিতার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, নাম বাদ যাওয়া প্রায় ২০ লক্ষ ভোটারের মধ্যে ৭ লক্ষ ইতিমধ্যে আপিল করেছেন বলে আইনজীবীরা আদালতকে অবহিত করেছেন।

শুনানি চলাকালীন আবেদনকারীদের আইনজীবী ট্রাইব্যুনাল গঠনের বিলম্ব এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর এবং ভোটাধিকার নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে। বিশেষত যারা অনলাইন ব্যবস্থায় অভ্যস্ত নন, তাদের জন্য জেলাশাসক বা পুলিশ সুপারের দপ্তরে আবেদনের সুযোগ দেওয়ার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ এপ্রিল দুপুর ৩টেয় অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *