ট্রাফিক চালানের জালে এনটিপিসি ইঞ্জিনিয়ার: কয়েক দফায় হাতিয়ে নেওয়া হল লক্ষাধিক টাকা

ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের এক ইঞ্জিনিয়ার অভিনব সাইবার প্রতারণার শিকার হয়ে ২ লক্ষ ৪১ হাজার টাকা খুইয়েছেন। ভুক্তভোগী বরুণকুমার মণ্ডলের হোয়াটসঅ্যাপে ট্রাফিক আইন লঙ্ঘনের একটি ভুয়া মেসেজ ও লিঙ্ক পাঠানো হয়েছিল। সরকারি চালানের মতো দেখতে ওই লিঙ্কে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্ট ও দুটি ক্রেডিট কার্ড থেকে কয়েক দফায় টাকা সরিয়ে নেয় প্রতারকরা।
শনিবার ফরাক্কা থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ও সাইবার সেলের অনুমান, এটি একটি অত্যন্ত সুক্ষ্ম ‘ম্যালওয়্যার’ বা ‘ফিশিং’ আক্রমণ। লিঙ্কে ক্লিক করার মাধ্যমে প্রতারকরা ব্যবহারকারীর ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ওটিপি বা ব্যাংক সংক্রান্ত গোপনীয় তথ্য সরাসরি তাদের সার্ভারে পৌঁছে যায়।
জঙ্গিপুর সাইবার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং যে অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠানো হয়েছে সেগুলো ফ্রিজ করার প্রক্রিয়া চালাচ্ছে। পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছেন, কোনো অবস্থাতেই যেন অপরিচিত বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা হয়। এই আধুনিক জালিয়াতি চক্র রুখতে আরও সচেতনতা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।