ট্রাম্পের এক ঘোষণাতেই কপাল ফিরল রহস্যময় বিনিয়োগকারীর! মাত্র ২০ মিনিটে পকেটে ৮৪০ কোটি টাকা

ট্রাম্পের এক ঘোষণাতেই কপাল ফিরল রহস্যময় বিনিয়োগকারীর! মাত্র ২০ মিনিটে পকেটে ৮৪০ কোটি টাকা

সোমবার ভোরবেলা তাসের ঘরের মতো বদলে গেল শেয়ার বাজারের সমীকরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরান যুদ্ধের আবহে ‘যুদ্ধবিরতি’র ইঙ্গিত দিলেন, ঠিক তার ১৫ মিনিট আগেই ঘটে গিয়েছিল এক অবিশ্বাস্য ঘটনা। এক অজ্ঞাতপরিচয় বিনিয়োগকারী তেলের শেয়ার বেচে দিয়ে বাজি ধরেন মার্কিন সূচক ‘এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স’-এর ওপর। আর ট্রাম্পের পোস্টটি আসতেই সেই বাজি যেন সোনায় সোহাগা হয়ে ধরা দিল।

২০ মিনিটের ঝড়ে বিশ্ববাজারে তেলের দামে বড়সড় পতন ঘটলেও ওই বিনিয়োগকারীর ঘরে এল প্রায় ১০০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৮৪০ কোটি টাকা। ট্রেডিং প্ল্যাটফর্ম ‘আনইউজুয়াল হোয়েলস’ জানিয়েছে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকার শেয়ার কেনাবেচা করেছেন ওই ব্যক্তি বা গোষ্ঠী। ট্রাম্পের ঘোষণার পর এসঅ্যান্ডপি সূচক একলাফে ২.৫ শতাংশ বেড়ে যায়, অন্যদিকে হু হু করে নামে তেলের দর। ব্রেন্ট ক্রুডের দাম ১০৯ ডলার থেকে সরাসরি ৯২ ডলারের নিচে নেমে আসায় ওই বিপুল মুনাফা অর্জন করেন তিনি।

এই জাদুকরী লাভের ঢেউ আছড়ে পড়েছে ভারতের বাজারেও। মঙ্গলবার বাজার খুলতেই সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি লাফিয়ে ওঠে, শক্তিশালী হয়েছে ভারতীয় টাকাও। অন্যদিকে সস্তা হয়েছে সোনা ও রুপো। তবে এই নাটকীয় উত্থান স্থায়ী হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় পড়েছেন সাধারণ লগ্নিকারীরা। প্রশ্ন উঠছে, ট্রাম্পের ঘোষণার ঠিক আগেই কীভাবে কেউ এত নির্ভুলভাবে বাজারের গতিপথ আঁচ করতে পারলেন? রহস্যময় এই বিনিয়োগের নেপথ্যে আসলে কে, তা নিয়ে এখন তোলপাড় বিশ্ব বাণিজ্য মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *