ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সোমবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১৪ ডলার থেকে ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে। একইভাবে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট সূচকেও তেলের দাম প্রায় ১৩.৫ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল প্রতি ৮৫.২৮ ডলারে দাঁড়িয়েছে।

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছিল। তবে ট্রাম্প জানান, বর্তমানে একটি “ফলপ্রসূ” আলোচনা শুরু হওয়ায় সাময়িকভাবে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকছে ওয়াশিংটন। যদিও তিনি সতর্ক করেছেন যে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ অস্থায়ী এবং আলোচনার অগ্রগতির ওপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। ইরানের পক্ষ থেকে অবশ্য এই আলোচনা প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা নিয়ে ভারতেও উদ্বেগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, দেশে পেট্রল, ডিজেল ও গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্র সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের এই নিম্নমুখী প্রবণতা আমদানিকারক দেশগুলোর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বিশ্ববাজারের ৮০ শতাংশ তেল ব্রেন্ট সূচকের ওপর নির্ভরশীল হওয়ায় এই দরপতন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *