ট্রাম্পের ধ্বংসলীলায় ধুলোয় মিশল ইরানের বিশালাকার সেতু, মঙ্গলবার বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার চরম হুঁশিয়ারি

হরমুজ প্রণালীর অবরোধ নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবারকে ‘ব্রিজ ডে’ ঘোষণা করে আকাশপথে হামলার মাধ্যমে তেহরান ও কারাজ শহরের সংযোগকারী ১৩৬ মিটার উঁচু ‘বি-১’ সেতুটি সম্পূর্ণ ধ্বংস করেছেন। পশ্চিম এশিয়ার অন্যতম এই বিস্ময়কর স্থাপত্য গুঁড়িয়ে দেওয়ার পর ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঙ্কার দিয়ে জানিয়েছেন, অবরোধ না তুললে ইরানকে ‘নরক যন্ত্রণা’ সহ্য করতে হবে।
এই হামলার ফলে বহু সাধারণ মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। প্রথম দফার আঘাতের পর উদ্ধারকাজ চলাকালীন দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে ইরানের সংবাদমাধ্যম দাবি করেছে। হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে, বারবার সময়সীমা বাড়ানো সত্ত্বেও পরিস্থিতির বদল না হওয়ায় তাদের ধৈর্যচ্যুতি ঘটেছে। এই ধ্বংসলীলার ছবি পোস্ট করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের সবচেয়ে বড় সেতুটি এখন চিরতরে ব্যবহার অযোগ্য।
আগামী ২৪ ঘণ্টা পর মঙ্গলবারকে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প। নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি বা সমঝোতায় না এলে ইরানের বড় বড় বিদ্যুৎকেন্দ্র ও পরিকাঠামোয় নজিরবিহীন হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, আগামী কয়েক সপ্তাহ ধরে এই অভিযান চলবে এবং যুদ্ধে আমেরিকার জয় নিশ্চিত। ট্রাম্পের এই অনড় অবস্থানে গোটা পশ্চিম এশিয়া জুড়ে এখন চরম যুদ্ধকালীন পরিস্থিতি ও অস্থিরতা বিরাজ করছে।