ট্রাম্পের ফোন মোদীকে! মধ্যপ্রাচ্যের উত্তাপ আর তেলের সংকট মেটাতে কী ছক কষলেন দুই রাষ্ট্রনেতা

বিশ্বজুড়ে তেলের হাহাকার আর যুদ্ধের দামামা! ইরানের হরমুজ প্রণালী বন্ধ হতেই নড়েচড়ে বসল আমেরিকা। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘক্ষণ ফোনালাপে উঠে এল আরব দুনিয়ার বর্তমান অস্থিরতা ও বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইজরায়েলের সংঘাত চরম রূপ নেয়। মার্কিন-ইজরায়েল হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর থেকেই রণক্ষেত্র হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। পালটা জবাবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করে দিলে গভীর সংকটে পড়ে ভারতসহ একাধিক দেশ।
এই পরিস্থিতিতে ট্রাম্প-মোদীর ফোনালাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন রাষ্ট্রদূত সার্গিয়ো গর জানান, দুই নেতার আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টি। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট করেছেন যে, ভারত সর্বদা শান্তির পক্ষে এবং কূটনীতির মাধ্যমেই এই জটিল সমস্যার সমাধান চায়। এক্স হ্যান্ডলে মোদী জানান, এই সংকট নিরসনে ভারত সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। ট্রাম্পের দাবি অনুযায়ী, তেহরানের সঙ্গে শান্তি আলোচনা ইতিমধ্যেই ইতিবাচক দিকে মোড় নিতে শুরু করেছে।