ট্রাম্পের মধ্যস্থতায় রক্ষা পেয়েছেন পাক প্রধানমন্ত্রী! বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্টের

ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে ওয়াশিংটনের ক্যাপিটলে দেওয়া ভাষণে ফের চাঞ্চল্যকর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চার দিনের সেই সামরিক উত্তেজনার সময় তার সময়োচিত হস্তক্ষেপ না থাকলে প্রাণ হারাতে পারতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশ এক ভয়াবহ পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বলেও সতর্ক করেন তিনি।
ট্রাম্পের এই মন্তব্য ইসলামাবাদকে চরম অস্বস্তিতে ফেলেছে, কারণ তিনি পরোক্ষভাবে সংঘাতের সময় পাকিস্তানের দুর্বল অবস্থানের দিকেই ইঙ্গিত করেছেন। যদিও ভারত বরাবরই ট্রাম্পের মধ্যস্থতার দাবি অস্বীকার করে আসছে, তবে শাহবাজ শরিফ ইতিপূর্বে মার্কিন প্রেসিডেন্টের এই ভূমিকাকে সমর্থন জানিয়েছিলেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, যুদ্ধের সেই সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক চাপের মুখেই পরিস্থিতি শান্ত হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক সামরিক রিপোর্ট অনুযায়ী ‘সিঁদুর অভিযান’ পরবর্তী সেই সংঘর্ষে ভারতের আকাশসীমা নিয়ন্ত্রণ ও সামরিক শ্রেষ্ঠত্ব স্পষ্ট হয়েছিল। সুইজারল্যান্ডের একটি সংস্থার সাম্প্রতিক গবেষণা বলছে, দক্ষিণ এশিয়ায় বায়ুসেনার শক্তিতে ভারত বর্তমানে শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে, ধ্বংস হওয়া যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে ট্রাম্পের ক্রমাগত পরিবর্তনশীল পরিসংখ্যানে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।