ট্রাম্পের রক্ত চাই, লাইভ টিভিতে হুঙ্কার ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতার

ইরানের জাতীয় সংবাদমাধ্যমে সম্প্রচারিত এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি চরম হুঁশিয়ারি দিয়েছেন শিয়া ইসলামের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলি। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার আবহে লাইভ টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের “রক্ত” দাবি করেন। শিয়া ধর্মীয় অনুশাসনে সর্বোচ্চ পর্যায়ের নেতা হিসেবে আয়াতোল্লাহ আমোলির এই উস্কানিমূলক মন্তব্য দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং যুদ্ধের আবহকে আরও উস্কে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
ভাষণ চলাকালীন আয়াতোল্লাহ আমোলি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে একযোগে হিংসাত্মক আন্দোলনের ডাক দেন। তিনি বর্তমান পরিস্থিতিকে একটি ‘বড় পরীক্ষা’ হিসেবে অভিহিত করে ইরানকে রক্ষার তাগিদ দেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-আমেরিকা সংঘাতের পর এই প্রথম কোনো উচ্চপদস্থ ধর্মীয় নেতা প্রকাশ্যে এমন কঠোর রাজনৈতিক ও ব্যক্তিগত হুমকি প্রদান করলেন। উল্লেখ্য, এই সংঘাতের জেরে ইতিপূর্বেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইসহ বহু মানুষের মৃত্যু হয়েছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশপথ কার্যত রুদ্ধ এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি ভারত মহাসাগরে মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস এবং তুরস্কের দিক থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে। এই আবহে ইরানের অভ্যন্তরে আমেরিকার বিরুদ্ধে যে গণবিক্ষোভ দানা বাঁধছে, আয়াতোল্লাহ আমোলির এই মন্তব্য তাকে আরও বিধ্বংসী রূপ দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই প্রলম্বিত যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।