ট্রাম্পের রাতের ঘুম কেড়ে নিচ্ছে ‘কিউবার কাঁকড়া’? নতুন বিপদের ইঙ্গিত!

ইরান সংঘাতের আবহে কিউবার রাজনৈতিক পটপরিবর্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দ্বীপরাষ্ট্রটির বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেলের সঙ্গে সম্প্রতি এক জনসভায় দেখা গেছে ফিদেল কাস্ত্রোর নাতি রাউল গিলারমো রদ্রিগেজ কাস্ত্রোকে, যিনি ‘এল কাংরিজো’ বা কাঁকড়া নামে পরিচিত। দীর্ঘ বছর ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা এবং ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হওয়ায় কিউবার অর্থনীতি বর্তমানে বিপর্যস্ত।
এই মানবিক সংকটের মুখে ৪১ বছর বয়সী রদ্রিগেজ কাস্ত্রোর উত্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। গুঞ্জন উঠেছে, বর্তমান সরকারকে এড়িয়ে তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে গোপনে আলোচনা শুরু করেছেন। মূলত বিদ্যুৎ বিপর্যয়, খাদ্যসংকট ও ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা সামাল দিতেই এই আলোচনার উদ্যোগ। কিউবার সামরিক ব্যবসায়ী গোষ্ঠীর উত্তরসূরি হিসেবে তাঁর এই সক্রিয়তা নতুন সমীকরণ তৈরি করছে।
তবে কাস্ত্রো বংশধরের এই প্রভাব বিস্তারকে আমেরিকা কতটা ইতিবাচকভাবে নেবে, তা নিয়ে সংশয় রয়েছে। ওয়াশিংটন যেখানে হাভানার বর্তমান কমিউনিস্ট শাসনের অবসান চায়, সেখানে রাউল কাস্ত্রোর উত্তরসূরির ক্ষমতায় আসার সম্ভাবনা মার্কিন স্বার্থের পরিপন্থী হতে পারে। একদিকে নিষেধাজ্ঞার চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদল—সব মিলিয়ে কিউবা পরিস্থিতি এখন ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।