ট্রাম্পের শান্তিদূত অবতারে চাঙ্গা দালাল স্ট্রিট, ১১০০ পয়েন্টের বড় লাফ সেনসেক্সে

ট্রাম্পের শান্তিদূত অবতারে চাঙ্গা দালাল স্ট্রিট, ১১০০ পয়েন্টের বড় লাফ সেনসেক্সে

পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক ইঙ্গিতে বুধবার বড়সড় উত্থান দেখল ভারতীয় শেয়ার বাজার। ইরানের সঙ্গে আলোচনা এবং পরমাণু অস্ত্র ত্যাগের প্রস্তাব ঘিরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমতেই লগ্নিকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফেরে। এর জেরে দিনের শুরুতে সেনসেক্স প্রায় ১৫০০ পয়েন্ট বাড়লেও, ইরান মার্কিন শর্ত প্রত্যাখ্যান করায় বেলাশেষে সূচক কিছুটা সংশোধন হয়।

দিনশেষে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১০৯৬.১১ পয়েন্ট (১.৪৮ শতাংশ) বেড়ে ৭৫,১৬৪.৫৬ অঙ্কে থিতু হয়েছে। একইভাবে নিফটি ৩৯৪.০৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৩,৩০৬.৪৫-এ পৌঁছেছে। বিশেষ করে শ্রীরাম ফিন্যান্স, বাজাজ ফিন্যান্স এবং কল্যাণ জুয়েলার্সের মতো শেয়ারগুলিতে উল্লেখযোগ্য বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। তবে বাজার চাঙ্গা থাকলেও টেক মহিন্দ্রা ও পাওয়ার গ্রিডের মতো কিছু স্টকের পতন হয়েছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের মধ্যস্থতায় তেলের দাম কমলেও দালাল স্ট্রিটে এখনও পুরোপুরি স্থিরতা আসেনি। ইরান ও আমেরিকার মধ্যকার ভূ-রাজনৈতিক উত্তেজনা বজায় থাকায় বড় বিনিয়োগের ক্ষেত্রে লগ্নিকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত শেয়ার বাজারের এই চড়াই-উতরাই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *