ট্রাম্পের শান্তি প্রস্তাব উড়িয়ে ইরানের ভয়ঙ্কর হুঁশিয়ারি, বদলা হবে মাথা দিয়ে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঁচ দিনের যুদ্ধবিরতির ঘোষণাতেও শান্ত হচ্ছে না পশ্চিম এশিয়া। উল্টে ওয়াশিংটনকে বেনজির হুমকি দিল ইরান। তেহরানের সাফ কথা, এবার আর চোখের বদলে চোখ নয়, আঘাত এলে তার বদলা নেওয়া হবে সরাসরি মাথা দিয়ে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রাক্তন কমান্ডার মোহসেন রেজাই স্পষ্ট জানিয়েছেন, তাদের সমস্ত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত পিছু হঠার কোনো প্রশ্নই নেই। মার্কিন দাদাগিরি বন্ধ করতে আন্তর্জাতিক গ্যারান্টি এবং সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে ইরান। রেজাইয়ের হুঁশিয়ারি, আমেরিকা যদি ইরানের পরিকাঠামোয় আঘাত করে, তবে তার ফল হবে ভয়াবহ। সেক্ষেত্রে শুধু চোখের বদলে চোখ নয়, হাত-পা এমনকি মাথা কেটে নেওয়ার মতো পাল্টা জবাব দেবে তেহরান। যা আমেরিকাকে পঙ্গু করে দেবে।
ইরানের দাবি, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চাপের মুখেই এই যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। এখন আমেরিকা পরাজয় বুঝতে পেরে পিছু হঠার চেষ্টা করলেও ইরান সহজে ছাড়তে নারাজ। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে উৎখাত না করা পর্যন্ত এই লড়াই চলবে বলে কড়া বার্তা দিয়েছে তেহরান।