ট্রাম্পের হাতের বাইরে কি ইরান যুদ্ধ? ৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারিতে কাঁপছে বিশ্ব

তিন সপ্তাহ পেরিয়েও থামছে না রক্তক্ষয়ী ইরান যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্টের দাবিকে নস্যাৎ করে দিয়ে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ থামানো তো দূর থাক, এবার মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সমস্ত তথ্যপ্রযুক্তি সংস্থা ও তৈল শোধনাগারগুলিকেও গুঁড়িয়ে দেওয়া হবে।
শনিবার নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে তাদের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রগুলো মিসাইল দিয়ে নিশ্চিহ্ন করে দেবে মার্কিন ফৌজ। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলি হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইর মৃত্যুর পর থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা পশ্চিম এশিয়া। আইআরজিসি-র নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী।
এরই প্রভাবে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, এই সংঘাত দ্রুত না থামলে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে ইউরোপেও। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে এখন গোটা বিশ্ব।