ট্রাম্পের ৫ দিনের ডেডলাইনে যুদ্ধের নাটকীয় মোড়, মধ্যপ্রাচ্যে কি এবার শান্তির আলো

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে এক অভাবনীয় সিদ্ধান্তের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিদ্যুৎ ও জ্বালানি পরিকাঠামোয় পূর্বনির্ধারিত সামরিক হামলা আগামী ৫ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প দাবি করেন, গত ৪৮ ঘণ্টায় দুই দেশের মধ্যে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনার ইতিবাচক আবহের কারণেই আপাতত রণকৌশল পরিবর্তন করে কূটনীতির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
উল্লেখ্য, মাত্র একদিন আগেই হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে ধ্বংস করে দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে সেই সময়সীমা শেষ হওয়ার আগেই সুর বদলে সাময়িক যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন তিনি। ভারতের বিদেশ মন্ত্রকও এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। যদিও ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, এই ৫ দিনের স্বস্তিই শেষ কথা নয়। পরবর্তী আলোচনার ফলাফল সন্তোষজনক না হলে আমেরিকা আবারও কঠোর সামরিক পদক্ষেপের পথে ফিরতে পারে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।