ট্রেনে ভরে লোক আসছে বাংলায়! মমতার বিস্ফোরক অভিযোগ কি তবে মেনে নিলেন শমীক?

ট্রেনে ভরে লোক আসছে বাংলায়! মমতার বিস্ফোরক অভিযোগ কি তবে মেনে নিলেন শমীক?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা ভিনরাজ্য থেকে লোক আনার চাঞ্চল্যকর অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে তাঁর ব্যাখ্যায় এক নাটকীয় মোড় সামনে এসেছে। শমীক দাবি করেছেন, ভিনরাজ্য থেকে আসা এই মানুষগুলো আসলে সেই সব প্রবাসী বাঙালি, যারা একসময় পেটের দায়ে বাংলা ছাড়তে বাধ্য হয়েছিলেন। এখন তাঁরা ট্রেন ভরে ফিরছেন তৃণমূল নেত্রীকে ‘শ্রদ্ধা’ জানাতে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে।

মঙ্গলবার সকালে চন্দ্রকোনার সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিহার, রাজস্থান ও হরিয়ানা থেকে লোক এনে ভুয়ো ভোটার তৈরি করে ভোট লুঠের ছক কষছে বিজেপি। খড়গপুর ও আসানসোলের মতো এলাকায় বাইরে থেকে লোক ঢুকিয়ে ডবল ইঞ্জিন সরকার গড়ার চেষ্টা চলছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই মর্মে প্রায় ৩০ হাজার নতুন ভোটার ফর্ম জমা পড়ার দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে শমীক ভট্টাচার্য বলেন, “ট্রেন ভর্তি করেই লোক আসছে। হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনের নম্বর মিলিয়ে আপনারা ওনাদের স্বাগত জানান।” তাঁর দাবি, শুধু অন্য রাজ্য নয়, বিদেশ থেকেও প্রবাসী বাঙালিরা আসছেন বাংলায় বিনিয়োগ আনতে এবং ‘মেক ইন বেঙ্গল’ সফল করতে। তৃণমূল যখন ভিনরাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ঢোকানোর অভিযোগে সিইও অফিসের সামনে ধরনায় সরব, তখন বিজেপির এই ‘ঘর ওয়াপসি’ তত্ত্ব বঙ্গ রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *