ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ৩ কোটি টাকার প্রতারণা অশোকনগর থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক চক্রের সদস্য

ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ৩ কোটি টাকার প্রতারণা অশোকনগর থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক চক্রের সদস্য

কলকাতার এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে ১২০ ঘণ্টা ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে ৩ কোটি ১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আন্তর্জাতিক প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে লালবাজারের সাইবার থানা। ধৃতদের নাম অর্পণ সিকদার, আবির শেখ ও মহম্মদ আমজাদ। পুলিশি তদন্তে এই চক্রের সঙ্গে মালয়েশিয়ার যোগসূত্র পাওয়া গেছে। মূল অভিযুক্ত অর্পণ নিজের বান্ধবীর আধার ও প্যান কার্ড ব্যবহার করে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতারণার টাকা লেনদেন করত বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবরে, যখন বিধান ঘোষদস্তিদার নামে এক ব্যক্তিকে কুরিয়ারে বেআইনি সামগ্রী থাকার ভয় দেখিয়ে ভিডিও কলে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করা হয়। সিবিআই আধিকারিক সেজে প্রতারকরা তাঁকে সারাক্ষণ নজরদারিতে রাখে এবং তদন্তের নামে দফায় দফায় বিপুল অর্থ আত্মসাৎ করে। ভয় দেখিয়ে তাঁর সারাজীবনের সঞ্চয় ও ফিক্সড ডিপোজিটের টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে ওই বৃদ্ধ লালবাজারের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন।

অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ আমহার্স্ট স্ট্রিট ও অশোকনগরে তল্লাশি চালিয়ে ১৮টি সিমবক্স এবং ২,১০০টিরও বেশি সিম কার্ড উদ্ধার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তারা সাধারণ মানুষের নথি ব্যবহার করে ‘মিউল অ্যাকাউন্ট’ তৈরি করত। বুধবার এক সাংবাদিক বৈঠকে ভারপ্রাপ্ত গোয়েন্দাপ্রধান রূপেশ কুমার জানান, এই চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রবীণ নাগরিকদের লক্ষ্য করে প্রতারণা চালাচ্ছিল। বর্তমানে ধৃতদের হেফাজতে নিয়ে এই আন্তর্জাতিক চক্রের বাকি সদস্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *