ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে গৌতম গম্ভীর

নিজের নাম, কণ্ঠস্বর ও ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট এবং ডিপফেক ভিডিওর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি তাঁর পদত্যাগ এবং সিনিয়র ক্রিকেটারদের নিয়ে করা বেশ কিছু ভুয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় কয়েক মিলিয়ন ভিউ পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছেন তিনি। গম্ভীর ১৬টি পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে ২ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ এবং মানহানিকর কন্টেন্টগুলো অবিলম্বে সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন।
আদালতে দাখিল করা আবেদনে গম্ভীর জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁর পরিচিতিকে অবৈধভাবে ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং ব্যবসায়িক মুনাফা লুটছে। এটি কেবল ব্যক্তিগত সম্মানের হানি নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রতিটি নাগরিকের সুরক্ষার প্রশ্ন। তাঁর আইনজীবীর দাবি, ২০২৫ সালের শেষভাগ থেকে ইনস্টাগ্রাম, ইউটিউব ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে গম্ভীরের নামে ভুয়ো ভিডিওর সংখ্যা অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
মামলায় মেটা, এক্স (টুইটার), গুগল ও অ্যামাজনের মতো বড় সংস্থাগুলিকেও পক্ষভুক্ত করা হয়েছে। গম্ভীর তাঁর ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য অননুমোদিত কন্টেন্ট ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন। উল্লেখ্য, গম্ভীরের কোচিংয়ে ভারত সম্প্রতি টি-২০ বিশ্বকাপসহ একাধিক শিরোপা জিতলেও, সাফল্যের পাশাপাশি নেটমাধ্যমে তাঁর বিরুদ্ধে ট্রোলিং ও এআই-প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারও সমানতালে বেড়েছে। শুনানি চলাকালীন আদালত কী নির্দেশ দেয়, এখন সেদিকেই তাকিয়ে ক্রীড়া মহল।