ডুয়ার্সে জঙ্গল সাফারিতে কড়া বিধিনিষেধ, নিয়ম ভাঙলে মোটা টাকা জরিমানা

ডুয়ার্সের জঙ্গলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যপ্রাণীদের অবাধ বিচরণ বজায় রাখতে একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করল বন দফতর। সম্প্রতি লাটাগুড়িতে পর্যটক বোঝাই জিপসিতে হাতির হামলার ঘটনার পর আর কোনো ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। শনিবার জিপসি চালক ও গাইডদের নিয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সাফারির নিয়ম লঙ্ঘন করলে কড়া আইনি ব্যবস্থা ও মোটা টাকা জরিমানা করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, সাফারি চলাকালীন কোনোভাবেই জিপসি থেকে নামা যাবে না এবং বন্যপ্রাণী দেখার সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। বিশেষ করে জাতীয় সড়কের হাতি করিডরে পশুদের যাতায়াতে বাধা সৃষ্টি করা বা ছবি তোলার নামে উত্ত্যক্ত করলে সরাসরি আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। পর্যটকদের অতি-উত্সাহে বন্যপ্রাণীরা যাতে আক্রমণাত্মক না হয়ে ওঠে, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান নিয়েছে দফতর।
লাটাগুড়ির রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, নজরদারির জন্য বিশেষ ভ্যান মোতায়েন করা হয়েছে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। বন দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্থানীয় জিপসি ওনার্স অ্যাসোসিয়েশন। কর্তৃপক্ষের মতে, জঙ্গল সাফারি কেবল রোমাঞ্চের জন্য নয়, বন্যপ্রাণীদের প্রতি শ্রদ্ধা ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা সকলের দায়িত্ব।