ডুরান্ড লাইনে রণক্ষেত্র পাকিস্তান ও আফগানিস্তান, তালিবানের হানায় প্রাণ হারাল ৫৫ পাক সেনা

নিউজ ডেস্ক : দীর্ঘদিনের সীমান্ত বিবাদ এবার রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিল। ডুরান্ড লাইনকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হয়েছে চরম সংঘর্ষ। তালিবান শাসকদের দাবি, তাদের বিধ্বংসী হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাল্টা জবাবে আফগানিস্তানের একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। দুই প্রতিবেশী দেশের এই সংঘাত এখন দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
শুক্রবার ভোরে কাবুলের আকাশ কেঁপে ওঠে যুদ্ধবিমানের গর্জনে। তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার এবং পাকতিয়া অঞ্চলে কাপুরুষোচিত বিমান হামলা চালিয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই তালিবান দাবি করেছিল, তারা ডুরান্ড লাইনের একাধিক পাকিস্তানি সামরিক ঘাঁটি ও ১৯টি পোস্ট দখল করে নিয়েছে। যদিও পাকিস্তান এই ক্ষয়ক্ষতির দাবি অস্বীকার করে পাল্টা ৩৬ জন আফগান যোদ্ধাকে খতম করার দাবি করেছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি রাত থেকে তারা সমন্বিত পাল্টা আক্রমণ শুরু করে। পাকতিকা, খোস্ত, নাঙ্গারহার এবং কুনার প্রদেশের সীমান্ত এলাকায় এই লড়াই তীব্র আকার ধারণ করে। তালিবানের দাবি অনুযায়ী, তাদের অভিযানে পাকিস্তানের দুটি বড় সামরিক ঘাঁটি এখন তাদের দখলে। তবে এই লড়াইয়ে ৮ জন তালিবান যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হওয়ার খবরও স্বীকার করেছে কাবুল।
অন্যদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছেন, তাদের ২ জন সেনা নিহত হয়েছে এবং ৩ জন আহত। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না এবং শান্তিকে যেন কেউ দুর্বলতা না ভাবে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল ও খাইবার সেক্টরেও তালিবান বাহিনীকে লক্ষ্য করে পাকিস্তান ‘শাস্তিমূলক’ ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে।
টোরখাম সীমান্ত এলাকাতেও দফায় দফায় গোলাগুলি চলছে, যার ফলে সাধারণ মানুষ ও শরণার্থীরা এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। ২,৬১১ কিলোমিটার দীর্ঘ এই ডুরান্ড লাইন নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। আফগানিস্তান কখনোই এই সীমান্তকে সরকারি স্বীকৃতি দেয়নি। ২০২৩ সাল থেকেই দুই দেশের সম্পর্কে চিড় ধরেছিল, যা বর্তমান এই ভয়াবহ সংঘর্ষের মাধ্যমে চরম সীমায় পৌঁছেছে। কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে দুই দেশই এখন কার্যত যুদ্ধের ময়দানে।