ডেল স্টেইনের সেই ভয়ানক ডেলিভারিতে ফেটেছিল সেফটি গার্ড, কুঁচকির সেই অসহ্য যন্ত্রণাকেই এবার লাভে বদলে দিলেন কেন উইলিয়ামসন

ডেল স্টেইনের সেই ভয়ানক ডেলিভারিতে ফেটেছিল সেফটি গার্ড, কুঁচকির সেই অসহ্য যন্ত্রণাকেই এবার লাভে বদলে দিলেন কেন উইলিয়ামসন

মাঠের সেই হাড়হিম করা অভিজ্ঞতা এখন কোটি টাকার ব্যবসা। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন বাইশ গজের এক যন্ত্রণাদায়ক স্মৃতিকে পুঁজি করেই বাজারে আনলেন নতুন সুরক্ষা সরঞ্জাম। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের একটি ১৪০ কিলোমিটার গতির বল সরাসরি আঘাত করেছিল উইলিয়ামসনের অ্যাবডোমেন গার্ডে। সেই আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল তার সেফটি বক্স।

উইলিয়ামসন জানান, সেই মুহূর্তের অসহ্য যন্ত্রণাই তাকে নতুন কিছু ভাবতে বাধ্য করেছিল। বর্তমান ক্রিকেটের তীব্র গতি সামলাতে সাধারণ সুরক্ষা সরঞ্জাম যে যথেষ্ট নয়, তা হাড়েনহাড়ে টের পেয়েছিলেন তিনি। সেই ভাবনা থেকেই জন্ম নিয়েছে তার নতুন ব্র্যান্ড ‘কভার’। এই বিশেষ ‘প্রিমিয়াম অ্যালয়’ বক্সটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে, যা ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতির বলের আঘাত অনায়াসেই সইতে সক্ষম।

নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এক বিবৃতিতে বলেন, ডেল স্টেইনের সেই বলটি এতটাই শক্তিশালী ছিল যে আমার সেফটি বক্স ফেটে যায়। তখনই বুঝেছিলাম ক্রিকেটারদের নিরাপত্তার জন্য আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন। শুধু ক্রিকেট নয়, হকি বা বেসবলের মতো শক্ত বলের খেলাতেও এটি সমান কার্যকর হবে।

এই ব্যবসায়িক উদ্যোগে উইলিয়ামসনের সঙ্গে যুক্ত হয়েছেন জেসন লো এবং নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রান্ট এলিয়ট। খোদ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও এই প্রজেক্টে বিনিয়োগ করেছে। এলিয়টের দাবি, এটিই বর্তমানে বিশ্বের সেরা সুরক্ষা সরঞ্জাম, যা ক্লাব স্তর থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের ভরসা জোগাবে। উল্লেখ্য, কিছুদিন আগেই মিচেল মার্শের মতো তারকারা কুঁচকিতে চোট পেয়ে ম্যাচ মিস করেছেন, যা উইলিয়ামসনের এই উদ্যোগের প্রাসঙ্গিকতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *