ড্যানিউবের তীরে ইতিহাসের ট্র্যাজেডি, বুদাপেস্টের সেই নীরব জুতোজোড়া

ইউরোপের ড্যানিউব নদের তীরে সারিবদ্ধভাবে সাজানো ৬০ জোড়া লোহার জুতো পর্যটকদের চোখে জল আনে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের এই স্মৃতিসৌধটি ‘শুশ অন দ্য ড্যানিউব ব্যাংক’ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষলগ্নে ১৯৪৪-৪৫ সালে অ্যারো ক্রস পার্টির ফ্যাসিবাদী সেনাদের হাতে নির্মমভাবে নিহত হাজার হাজার ইহুদির স্মরণে ২০০৫ সালে এটি তৈরি করা হয়।
তৎকালীন সময়ে জুতো ছিল অত্যন্ত মূল্যবান সম্পদ। ঘাতক সেনারা ইহুদিদের সারিবদ্ধভাবে নদীর পাড়ে দাঁড় করিয়ে জুতো খুলে রাখার নির্দেশ দিত এবং এরপর তাদের গুলি করে শীতল স্রোতে ভাসিয়ে দিত। চলচ্চিত্র পরিচালক ক্যান তোগে ও ভাস্কর গিউলা পাউয়ারের শৈল্পিক ভাবনায় নির্মিত এই লোহার বুট ও চটিগুলো সেই রক্তঝরা ইতিহাসের নির্বাক সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে।
পার্লামেন্ট ভবনের নিকটবর্তী ৪০ মিটার দীর্ঘ এই অঞ্চলে বর্তমানে গভীর নীরবতা বিরাজ করে। পর্যটকরা সেখানে ফুল ও মোমবাতি দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ড্যানিউবের শান্ত ঢেউয়ের পাশে পড়ে থাকা এই নির্জীব স্মৃতিস্মারকগুলো কেবল যুদ্ধের নৃশংসতাই ফুটিয়ে তোলে না, বরং ঘৃণা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে এক চিরন্তন সতর্কতা জারি করে।