ঢাকা ও কলকাতায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত, আতঙ্কিত বাসিন্দারা

শুক্রবার দুপুর ২টার দিকে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন এলাকায় জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা ও কলকাতায় কম্পন তীব্র হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে অনেক বাসিন্দা বহুতল ভবন ও ঘরবাড়ি ছেড়ে দ্রুত রাস্তায় বা খোলা জায়গায় বেরিয়ে আসেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এবং এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৯.৮ কিলোমিটার। ভূমিকম্পের মাত্রা সম্পর্কে আইফোনের অ্যালার্ট সিস্টেমে ৫.৪ এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ৪.৯ রিখটার স্কেল দেখা গেছে।
তীব্র কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শক্তিশালী এই কম্পন দুই দেশের সীমান্তবর্তী জনপদে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরিস্থিতির ওপর নজর রাখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।