তদন্তে বড় সাফল্য পুলিশের মালখানা চুরিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খোদ পুলিশের মালখানা থেকে ওভেন ও ওজন যন্ত্র চুরির চাঞ্চল্যকর ঘটনায় অবশেষে সাফল্য পেল লালবাজার। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি-র মালখানা থেকে রহস্যজনক চুরির তদন্তে নেমে প্রায় সাড়ে তিন মাস পর সোমবার রাকিবুল শেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নর্থ পোর্ট থানার পুলিশ। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া ১১টি ওভেন উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, গত বছর পুলিশের অত্যন্ত সুরক্ষিত এই মালখানা থেকে ১৪টি ওভেন এবং ৪টি ওজন মেশিন চুরি হয়। খোদ সরকারি দফতর থেকে এই ধরণের চুরির ঘটনায় পুলিশ মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী বাদে বাকি মালপত্রের খোঁজে তল্লাশি জারি রয়েছে।
মঙ্গলবার ধৃত রাকিবুল শেখকে ব্যাঙ্কশালের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সরকারি কৌঁসুলি আদালতে ধৃতের জামিনের তীব্র বিরোধিতা করে জানান, অভিযুক্ত জামিন পেলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অভিযুক্তের মাধ্যমে বাকি সামগ্রী উদ্ধারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। বিচারক উভয় পক্ষের সওয়াল জবাব শুনে এবং কেস ডায়েরি পর্যালোচনা করে ধৃতের জামিন আবেদন নাকচ করে দেন এবং আগামী ১৬ মার্চ পর্যন্ত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে মালখানা থেকে জিনিসপত্র চুরি হল, তা নিয়ে এখনও প্রশ্ন উঠছে। তবে অভিযুক্ত ধরা পড়ায় স্বস্তিতে তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে নর্থ পোর্ট থানার পুলিশ।