তরুণ প্রার্থীর হাত ধরে পুরুলিয়ায় বামেদের ভোট পুনরুদ্ধারের লড়াই, প্রচারে যুবশক্তির জোয়ার

তরুণ প্রার্থীর হাত ধরে পুরুলিয়ায় বামেদের ভোট পুনরুদ্ধারের লড়াই, প্রচারে যুবশক্তির জোয়ার

পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে এবার তারুণ্যকে হাতিয়ার করে হৃত জমি পুনরুদ্ধারে নেমেছে বামফ্রন্ট। এসএফআই নেতা সায়ন্তন ঘোষকে প্রার্থী করায় নির্বাচনী প্রচারে ছাত্র-যুবদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন পর প্রচারের ময়দানে নতুন প্রজন্মের এই ভিড় সিপিএমের বর্ষীয়ান নেতাদের মনে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। মূলত কর্মসংস্থান ও শিল্পায়নের অভাবকে ইস্যু করেই ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন তরুণ এই বাম প্রার্থী।

সিপিএম নেতৃত্বের দাবি, গত কয়েক বছরে বিজেপির দিকে ঝুঁকে যাওয়া বাম ভোট এবার লালে ফিরতে শুরু করেছে। জেলা নেতা নিলয় চট্টোপাধ্যায়ের মতে, রাজ্যে তরুণদের প্রার্থী করার ইতিবাচক প্রভাব পুরুলিয়াতেও পড়ছে। সায়ন্তন ঘোষ জানান, গত ১৫ বছরে অন্যান্য দলগুলির ভূমিকায় বীতশ্রদ্ধ সাধারণ মানুষ এবার বিকল্প হিসেবে বামেদেরই বেছে নেবেন। বিশেষ করে কর্মসংস্থানের সংকটে থাকা শিক্ষিত যুব সমাজ তাঁদের পাশে রয়েছে বলে তিনি আশাবাদী।

বিরোধী শিবির অবশ্য বামেদের এই তৎপরতাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। কংগ্রেস ও তৃণমূলের দাবি, তরুণ প্রার্থী দিয়েও নির্বাচনী ফলাফলে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না। অন্যদিকে বিজেপি নেতৃত্বের কটাক্ষ, যুব সমাজকে টানতে এটি বামেদের এক ধরনের ‘টোপ’। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রামের ঝুলিতে যাওয়া বাম ভোট কতটা ফিরবে, তার ওপরই নির্ভর করছে পুরুলিয়া কেন্দ্রের ভবিষ্যৎ সমীকরণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *