তামিলনাড়ুতে পিছু হঠল বিজেপি, ৮৮ শতাংশ আসনেই থাকছে না গেরুয়া প্রার্থী

তামিলনাড়ুতে পিছু হঠল বিজেপি, ৮৮ শতাংশ আসনেই থাকছে না গেরুয়া প্রার্থী

দাক্ষিণাত্য জয়ের লক্ষ্যে বড়সড় ধাক্কা খেল বিজেপি। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে-র নেতৃত্বাধীন জোটে আসনরফার যে চিত্র সামনে আসছে, তাতে গেরুয়া শিবিরের অবস্থান অত্যন্ত নড়বড়ে। একসময় নিজেদের প্রধান বিরোধী শক্তি হিসেবে দাবি করলেও, আসন্ন নির্বাচনে রাজ্যের মাত্র ১২ শতাংশ অর্থাৎ মাত্র ২৭টি আসনে লড়তে পারে বিজেপি। এমনকি রাজ্যে কংগ্রেসের তুলনায় কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের।

আসনরফা চূড়ান্ত করতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন এআইএডিএমকে নেতা এডাপ্পাদি কে পালানিস্বামী। প্রাথমিক আলোচনা অনুযায়ী, ২৩৪টি আসনের মধ্যে এআইএডিএমকে একাই ১৭০-১৮০টি আসনে লড়বে। বাকি আসনগুলি বিজেপি, পিএমকে এবং এএমএমকে-র মধ্যে ভাগ করে দেওয়া হতে পারে। ছোট দলগুলি শেষ পর্যন্ত কোন প্রতীকে লড়বে, তা আগামী সপ্তাহে পীযূষ গোয়েলের চেন্নাই সফরে চূড়ান্ত হওয়ার কথা।

মোদি-শাহর এক দশকের প্রচেষ্টা সত্ত্বেও দক্ষিণ ভারতে বিজেপির আধিপত্য বিস্তারের স্বপ্ন এখনও অধরা। তামিলনাড়ুতে ডিএমকের বিকল্প হয়ে ওঠার যে চেষ্টা তারা করছিল, এই নগণ্য আসন সংখ্যার কারণে তা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। রাজ্যের ৮৮ শতাংশ আসনেই প্রার্থী না থাকা তথাকথিত ‘সর্বভারতীয়’ দলটির সাংগঠনিক সীমাবদ্ধতাকেই প্রকট করে তুলেছে। রাজনৈতিক মহলের মতে, জোট রক্ষার খাতিরেই তামিল রাজনীতিতে কার্যত কোণঠাসা হয়ে পড়ল পদ্ম শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *