তামিলনাড়ুর পর্যবেক্ষক পদে সুপ্রতিম সরকার, কমিশনের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে পাল্টা চিঠি প্রাক্তন সিপির
.jpg.webp?w=1200&resize=1200,800&ssl=1)
রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুর পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে। মূলত তিরুনেলভিলি জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। নির্বাচনী পর্বে নিরাপত্তা ব্যবস্থার সরাসরি নজরদারি চালিয়ে কমিশনকে নিয়মিত রিপোর্ট জমা দেবেন এই অভিজ্ঞ আধিকারিক।
কমিশন সূত্রে খবর, এর আগে প্রাক্তন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে এই পদে নিয়োগ করা হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি অপারগতা প্রকাশ করায় সুপ্রতিম সরকারকে দায়িত্ব দেওয়া হয়। তবে বর্তমান নির্দেশিকা অনুযায়ী তাকে দ্রুত দায়িত্ব গ্রহণ করতে বলা হলেও নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সূত্রের খবর, শারীরিক কারণ দেখিয়ে সুপ্রতিম সরকারও এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা চেয়ে রাজ্যের সিইও দফতরে চিঠি পাঠিয়েছেন, যা ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
কমিশনের জারি করা নির্দেশিকায় পর্যবেক্ষকদের দায়িত্ব ও অধিকারের পাশাপাশি ছুটির নিয়মও অত্যন্ত কঠোর করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে ছুটির জন্য জোনাল ডেপুটি ইলেকশন কমিশনারের লিখিত অনুমোদন বাধ্যতামূলক। এছাড়া জানানো হয়েছে যে পর্যবেক্ষকদের দৈনিক ও ভ্রমণ ভাতা থাকলেও বিমান যাতায়াতের খরচ সংশ্লিষ্ট দপ্তরকে বহন করতে হবে। আপাতত সুপ্রতিম সরকারের চিঠির প্রেক্ষিতে কমিশন তাদের সিদ্ধান্তে অনড় থাকে না কি নতুন কাউকে দায়িত্ব দেয়, সেটাই এখন দেখার।