তামিলনাড়ু নির্বাচন: বিজয়কে ৮০ আসন ও উপ-মুখ্যমন্ত্রীর টোপ এনডিএ শিবিরের

তামিলনাড়ু নির্বাচন: বিজয়কে ৮০ আসন ও উপ-মুখ্যমন্ত্রীর টোপ এনডিএ শিবিরের

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে অভিনেতা বিজয় থালাপতির দল ‘তামিলগা ভেত্রি কাজগম’ (টিভিকে)-এর সঙ্গে জোট গড়তে মরিয়া এনডিএ। রাজনৈতিক মহলে জোর জল্পনা, জোটে টানতে বিজয়কে ৮০টি আসন এবং সরকার গড়লে উপ-মুখ্যমন্ত্রীর পদের প্রস্তাব দিয়েছে বিজেপি নেতৃত্ব। দুই শিবিরের মধ্যে আলোচনার এই খসড়া বাস্তবায়িত হলে রাজ্যের দীর্ঘদিনের দ্বিমুখী রাজনৈতিক সমীকরণে বড়সড় বদল আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজেপির এই প্রবল আগ্রহের মূলে রয়েছে বিজয়ের বিশাল ভক্তকূল এবং জনসমর্থন। ভোটকুশলীদের মতে, সামান্য শতাংশ ভোটের এদিক-ওদিক তামিলনাড়ুর অনেক আসনেই জয়-পরাজয় নির্ধারণ করে দেয়। তাই বিজয়ের জনপ্রিয়তা কাজে লাগিয়ে স্ট্যালিন বিরোধী ভোটে ভাগ বসাতে চাইছে গেরুয়া শিবির। সূত্রের খবর, অন্য একটি রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী এই মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তবে জোটের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রীর পদ। বিজয় নিজে মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে এগোতে চাইলেও বিজেপি তাঁকে দ্বিতীয় প্রধান হিসেবেই দেখতে আগ্রহী। পাশাপাশি, নতুন দল হিসেবে এখনই কোনো বড় জাতীয় জোটের অংশ হলে স্বতন্ত্র ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছে টিভিকে-র একাংশ। চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে থাকলেও, বিজয়ের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে দাক্ষিণাত্যের রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *