তারকেশ্বর বিধানসভা: উন্নয়নের খতিয়ান বনাম অনুন্নয়নের অভিযোগে সরগরম ভোটের ময়দান

২৯ এপ্রিল হুগলির তারকেশ্বরে ভোট গ্রহণ। শাসকদল তৃণমূলের মূল অস্ত্র গত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান। বর্তমান বিধায়ক রামেন্দু সিংহ রায় হাসপাতালের আধুনিকীকরণ, পানীয় জল প্রকল্প এবং পর্যটন প্রসারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রচারে নেমেছেন। গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তর এবং স্কাইওয়াক নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ঘাসফুল শিবির।
অন্যদিকে, সিপিএম প্রার্থী আদেশ খামরুইয়ের প্রচারে গুরুত্ব পাচ্ছে কৃষকদের ফসলের ন্যায্য দাম, কর্মসংস্থান ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন। শাসকদলের তথাকথিত অপশাসনকে হাতিয়ার করে অধ্যাপক আদেশবাবু খেটে খাওয়া মানুষের রুটি-রুজির লড়াইয়ে বামপন্থীদের জয়ী করার ডাক দিয়েছেন। তাঁর দাবি, আলুর সঠিক দাম না পাওয়া এবং বেকারত্বই এই নির্বাচনের প্রধান ইস্যু।
পিছিয়ে নেই বিজেপিও। গেরুয়া শিবিরের প্রার্থী সন্তু পান বেহাল স্বাস্থ্য পরিষেবা ও অনুন্নত রাস্তার অভিযোগ তুলে পরিবর্তনের ডাক দিয়েছেন। তাঁর দাবি, এলাকার গরিমা ফেরাতে পদ্মফুলই একমাত্র ভরসা। নির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।