তারেক রহমানের হাত ধরে ঢাকায় চালু হচ্ছে ‘মাতৃভূমি’ মহিলা বাস সার্ভিস

বাংলাদেশের রাজধানী ঢাকায় মহিলাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবগঠিত সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবর্তিত ‘মাতৃভূমি’ লোকাল ট্রেনের আদলেই এই বিশেষ পরিষেবা শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে এই দ্রুত পরিষেবা কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) পরিচালিত এই বিশেষ বাসের স্টিয়ারিং ধরবেন দক্ষ নারী চালক। প্রতিটি বাস তিনজন নারীর সমন্বয়ে (চালক, কন্ডাক্টর ও হেল্পার) পরিচালিত হবে। মূলত কর্মজীবী ও সাধারণ নারীদের যাতায়াতকে ঝুঁকিমুক্ত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআরটিসি ইতিমধ্যেই এই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ও পরিকাঠামো গঠনের কাজ শুরু করেছে।
অন্যদিকে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ চালকদের অতিরিক্ত কর্মঘণ্টা ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এখন থেকে পেশাদার লাইসেন্স পেতে চালকদের বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। সড়কের সক্ষমতার অতিরিক্ত যানবাহন নিয়ন্ত্রণ এবং স্ক্র্যাপিং নীতিমালার মাধ্যমে পুরনো গাড়ি অপসারণ করে দুর্ঘটনার ঝুঁকি কমানোর ওপর বিশেষ জোর দিচ্ছে প্রশাসন।