তিনবার বিষ খাইয়েও মারতে না পেরে ভাড়াতে খুনি দিয়ে স্ত্রীকে পিষে মারলেন স্বামী

মহারাষ্ট্রের বুলধানা জেলায় এক রোমহর্ষক হত্যাকাণ্ডের পর্দা ফাঁস করল পুলিশ। আপাতদৃষ্টিতে সাধারণ পথ দুর্ঘটনা মনে হলেও তদন্তে নেমে জানা গিয়েছে, এটি ছিল এক ঠান্ডা মাথার সুপরিকল্পিত খুন। নিজের স্ত্রী বৃশালি গাওয়ান্ডেকে হত্যার অভিযোগে স্বামী প্রকাশ গাওয়ান্ডে সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পেশায় স্কুলশিক্ষিকা বৃশালির সঙ্গে তাঁর স্বামী প্রকাশের দীর্ঘদিনের পারিবারিক বিবাদ ছিল। স্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য প্রকাশ প্রথমে তিনবার খাবারে বিষ মিশিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেন। তবে প্রতিবারই বৃশালি বেঁচে ফেরায় শেষ পর্যন্ত ১ লক্ষ টাকার বিনিময়ে মঙ্গেশ চুলকার নামে এক সুপারি কিলারকে নিয়োগ করেন প্রকাশ। মঙ্গেশ আবার এই কাজের জন্য মনীশ সূর্যবংশী নামে এক গাড়িচালককে দায়িত্ব দেন।
পরিকল্পনা অনুযায়ী, গত ২ মার্চ বৃশালি যখন স্কুটিতে করে যাচ্ছিলেন, তখন একটি টাটা ইনট্রা গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিক তদন্তে এটিকে পথ দুর্ঘটনা মনে করা হলেও সিসিটিভি ফুটেজ ও একটি নির্দিষ্ট গাড়ির সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশের মনে সন্দেহ দানা বাঁধে। গাড়ির মালিক মনীশকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল রহস্য। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত স্বামী প্রকাশ গাওয়ান্ডে, মঙ্গেশ এবং মনীশকে গ্রেফতার করেছে। আদালত তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।