তীব্র দহনজ্বালার মাঝেই স্বস্তির বার্তা, রবিবার থেকে রাজ্যজুড়ে কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

তীব্র দহনজ্বালার মাঝেই স্বস্তির বার্তা, রবিবার থেকে রাজ্যজুড়ে কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

রাজ্যজুড়ে ফের আবহাওয়ার মেজাজ বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চরম অস্বস্তিকর ও ভ্যাপসা গরম বজায় থাকবে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিমের জেলাগুলিতে পারদ চড়বে হু হু করে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। তবে এই হাঁসফাঁস করা পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে রবিবার থেকেই।

হাওয়া অফিসের জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আগামী বুধবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে কলকাতার তাপমাত্রা একধাক্কায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়লেও রবিবার থেকে ফের ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলি। সোমবার ও বুধবার সেখানে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত আগামী কয়েক দিন পুরো রাজ্যেই তাপমাত্রার ওঠানামা ও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির জেরে জনজীবনে মিশ্র প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *