তৃণমূলের অনুকরণে বিজেপির ইস্তেহার, নাম বদলে জনমোহিনী প্রকল্পের ডালি

আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে চলতি সপ্তাহেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে আগামী ২৭ বা ২৮ মার্চ এই ইস্তেহার জনসমক্ষে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সূত্রের খবর, বিজেপির এই ইস্তেহারে নতুনত্বের অভাব স্পষ্ট। মূলত শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় প্রকল্পগুলোর নাম পরিবর্তন করেই জনমত নিজেদের পক্ষে টানার কৌশল নিয়েছে গেরুয়া শিবির।
বিজেপির প্রস্তাবিত ইস্তেহারে রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অনুকরণে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর প্রতিশ্রুতি দেওয়া হতে পারে, যেখানে মহিলাদের মাসিক ৩০০০ টাকা ভাতার কথা বলা হয়েছে। একইভাবে ‘যুবসাথী’ প্রকল্পের ধাঁচে ‘যুবশক্তি’ প্রকল্পের মাধ্যমে বেকারভাতা প্রদানের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এছাড়া পরিকাঠামো উন্নয়নে উত্তর থেকে দক্ষিণ হাইওয়ে নির্মাণ, বিমান পরিষেবা সচল করা এবং গভীর সমুদ্র বন্দর তৈরির আশ্বাস থাকছে তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে।
রাজ্যের ক্রমবর্ধমান ঋণের বোঝা এবং পরিযায়ী শ্রমিক সমস্যাকে হাতিয়ার করে কর্মসংস্থানের ওপর জোর দিতে চাইছে বঙ্গ বিজেপি। দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নারী সুরক্ষার বিষয়টিও ইস্তেহারে স্থান পাচ্ছে বলে জানা গেছে। ১৫ বছরের প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে মোদি-শাহ জুটি বাংলার মানুষের মন জয় করতে কতটা সফল হন, এখন সেটাই দেখার। আগামী ৪ মে নির্বাচনী ফলাফলেই নির্ধারিত হবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ।