তৃণমূলের অন্দরে কড়া বার্তা অভিষেকের: ‘কাজ করলে পুরস্কার, বেইমানি করলে তিরস্কার’

বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে পূর্ব মেদিনীপুরে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি স্পষ্ট জানান, দলে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা মান-অভিমানের কোনো জায়গা নেই। দলের মনোনীত প্রার্থীকে জেতানোই প্রত্যেকের প্রধান লক্ষ্য হতে হবে। শৃঙ্খলাভঙ্গ বা বেইমানি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বেইমানরা দলকে নিজের মা বলতে পারে না।
বিজেপির সমালোচনা করে অভিষেক কর্মীদের নির্দেশ দেন বুথ ও পঞ্চায়েত স্তরে দলের দুর্বলতাগুলো দ্রুত খুঁজে বের করতে। লোকসভা নির্বাচনে এই জেলায় আশানুরূপ ফল না হওয়ার কারণ বিশ্লেষণ করে সাংগঠনিক ঘাটতি মেটানোর ওপর জোর দেন তিনি। তাঁর মতে, আগামী ২০-২৫ দিন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সময়ে মানুষের কাছে পৌঁছে রাজ্য সরকারের উন্নয়ন ও বিজেপির ব্যর্থতাগুলো তুলে ধরতে হবে।
বিরোধীদের দমনে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়ে তিনি বিজেপিকে ‘কেউটে সাপ’ এর সঙ্গে তুলনা করেন। নিজের এলাকার মর্যাদা রক্ষার স্বার্থে কর্মীদের বিভ্রান্ত না হয়ে কাজ করার নির্দেশ দেন। নন্দীগ্রামসহ জেলার বিভিন্ন স্পর্শকাতর বুথগুলোতে সংগঠনের ভিত নতুন করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।