তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় শীর্ষে মমতা ও অভিষেক, নজর কাড়ছেন প্রতীক উর রহমান

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় শীর্ষে মমতা ও অভিষেক, নজর কাড়ছেন প্রতীক উর রহমান

রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের ১৫২টি আসনে ভোটগ্রহণের আগে তৃণমূল কংগ্রেস তাদের ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডলে প্রকাশিত এই তালিকার শীর্ষে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী ও অভিষেকের পাশাপাশি দলের একঝাঁক হেভিওয়েট নেতা ও সেলিব্রিটি জনপ্রতিনিধি ময়দানে নামছেন।

শাসকদলের এই তালিকায় সবথেকে বড় চমক হিসেবে উঠে এসেছে সদ্য দলবদলকারী তরুণ নেতা প্রতীক উর রহমানের নাম। মাত্র দু’মাস আগে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ক্যানিংয়ের এই প্রাক্তন বাম নেতার ওপর বড় ভরসা রেখেছে জোড়াফুল শিবির। দলে যোগ দেওয়ার সময় তিনি প্রার্থী হওয়ার পরিবর্তে কর্মী হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রতীক উরের পাশাপাশি এবারের তালিকায় নতুন মুখ হিসেবে রয়েছেন সদ্য রাজ্যসভার সাংসদ হওয়া কোয়েল মল্লিক। তরুণ প্রজন্ম ও সংখ্যালঘু ভোটব্যাঙ্ক সংহত করতে প্রতীককে ব্যবহার করার কৌশল স্পষ্ট করেছে দল।

তালিকায় অভিজ্ঞ ও দক্ষ ভোট ম্যানেজার হিসেবে জায়গা করে নিয়েছেন অনুব্রত মণ্ডলও। প্রথম দফার নির্বাচনে তাঁর জেলা বীরভূম ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলিতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ‘কেষ্ট’ বড় ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে। তালিকায় সুব্রত বক্সি-সহ দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি প্রায় সব জনপ্রিয় জনপ্রতিনিধিদের নাম রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতীক উর ও অনুব্রত মণ্ডলের মতো নেতাদের প্রচারক হিসেবে বেছে নিয়ে শাসকদল সুপরিকল্পিতভাবে সব স্তরের ভোটারদের কাছে পৌঁছাতে চাইছে।

নির্বাচন কমিশনকে দেওয়া এই ৪০ জনের তালিকা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঝটিকা সফর করবেন। জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গের প্রতিটি কেন্দ্রে শাসকদলের বিজয় নিশ্চিত করতে এই তারকা প্রচারকরা বিশেষ রোড-শো ও জনসভা করবেন। ২৬-এর বিধানসভা যুদ্ধে নবীন ও প্রবীণের মেলবন্ধনে তৃণমূলের এই রণকৌশল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মূলত সংগঠনকে চাঙ্গা করা এবং নিচুতলার কর্মীদের মনোবল বৃদ্ধি করাই এখন ঘাসফুল শিবিরের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *