তৃণমূলের দাবি খারিজ, কমিশনের ফর্ম ৬ জমা নিয়ে অবস্থান স্পষ্ট করল সিইও দফতর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধন সংক্রান্ত ফর্ম-৬ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন নয়া মোড় নিল। তৃণমূল কংগ্রেসের তোলা নিয়ম লঙ্ঘনের অভিযোগ সরাসরি নস্যাৎ করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বিপুল পরিমাণ ফর্ম-৬ জমা নেওয়ার কথা স্বীকার করেছেন। তৃণমূলের অভিযোগ ছিল, বিজেপি কর্মীরা নিয়ম বহির্ভূতভাবে গুচ্ছ গুচ্ছ ফর্ম জমা দিচ্ছে এবং কমিশন তা গ্রহণ করছে।
রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর এক বিবৃতির মাধ্যমে তৃণমূলের এই দাবিকে ‘ভ্রান্ত’ ও ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলিতে জমা পড়া নথিগুলির সিংহভাগই ফর্ম-৬ নয়। মূলত গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরাই নিয়ম মেনে জেলা শাসক বা সিইও দফতরে আপিল জমা দিয়েছেন। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ মেনেই এই প্রক্রিয়া চলছে এবং এখানে কোনও অনিয়ম হয়নি বলে স্পষ্ট করা হয়েছে।
এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রতিনিধি দল সিইও দফতরে গিয়ে এই বিষয়ে সরব হয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, ভিনরাজ্যের বাসিন্দাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। এমনকি সিইও অফিসের দোতলার সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিও তোলেন তাঁরা। তবে কমিশনের পাল্টা দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সমস্ত প্রক্রিয়া আইনসিদ্ধভাবেই সম্পন্ন করা হচ্ছে বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছে কমিশন।