তৃণমূলের দুর্গে মিম-হুমায়ুন জুটির মেগা শো ২০২৬-এর লক্ষ্যে মুর্শিদাবাদে ওয়াইসির হুঙ্কার

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনৈতিক সমীকরণ বদলাতে মুর্শিদাবাদের বহরমপুরে আজ এক মেগা জনসভায় যোগ দিচ্ছেন আসাদউদ্দিন ওয়াইসি ও হুমায়ুন কবীর। অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) এবং ‘আম জনতা উন্নয়ন পার্টি’র (AJUP) এই জোট তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতে মরিয়া। গত ২৫ মার্চ কলকাতায় এক বৈঠকের মাধ্যমে এই দুই নেতা আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা করেছিলেন।
কলকাতায় পা রেখেই আসাদউদ্দিন ওয়াইসি শাসকদলের বিরুদ্ধে সংখ্যালঘু সমাজকে কেবল ‘ভোট মেশিন’ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। শিক্ষা ও কর্মসংস্থানে বঞ্চনার কথা উল্লেখ করে তিনি তৃণমূলের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন। অন্যদিকে, হুমায়ুন কবীর বর্তমান সরকারকে ‘প্রাইভেট লিমিটেড কো ম্পা নি’ বলে কটাক্ষ করেছেন। আজকের এই সভা থেকে শাসকদলের বিরুদ্ধে বড় কোনো রাজনৈতিক পদক্ষেপের ইঙ্গিত মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজ্যের প্রায় ১৮০ থেকে ১৯০টি আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে এই জোট। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু প্রধান জেলাগুলোতে তৃণমূলের ভোট কাটলে তার সরাসরি প্রভাব পড়বে নির্বাচনী ফলাফলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু ভোট আড়াআড়ি বিভক্ত হলে ২০২৬-এর ক্ষমতা দখলের লড়াইয়ে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যা নবান্নের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।