তৃণমূলে যোগ দিচ্ছেন পরমব্রত? ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টলিপাড়ায় বড় চমক

তৃণমূলে যোগ দিচ্ছেন পরমব্রত? ছাব্বিশের বিধানসভা নির্বাচনে টলিপাড়ায় বড় চমক

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বাংলার রাজনীতি। মঙ্গলবার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার খবরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, ঘাসফুল শিবিরের নির্বাচনী প্রার্থী ঘোষণার দিনই আনুষ্ঠানিকভাবে জোড়াফুলে নাম লেখাতে পারেন অভিনেতা। আসন্ন নির্বাচনে পরমব্রত শাসকদলের হয়ে ‘তাসের টেক্কা’ হতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

গ্ল্যামার জগতের সঙ্গে রাজনীতির যোগসূত্র নতুন নয়। তবে পরমব্রতর রাজনৈতিক ময়দানে পদার্পণ বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে দেউচা-পাঁচামি প্রকল্পের অ্যাপেক্স কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাঁকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। সম্প্রতি তাঁর পুত্রের অন্নপ্রাশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে অভিনেতার বিশেষ ভূমিকা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।

এক সময় টলিউডের অভ্যন্তরীণ দ্বন্দ্বে শাসকদলের সঙ্গে পরমব্রতর কিছুটা দূরত্ব তৈরি হলেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তা দ্রুত মিটে যায়। ফেডারেশন ও পরিচালক মহলের বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করে পরবর্তীতে সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন অভিনেতা। বর্তমানে বিধানসভা নির্বাচনের ডামাডোলের মাঝে পরমব্রতর এই সম্ভাব্য যোগদান টলিপাড়া ও রাজনীতির অন্দরে এক নতুন সমীকরণ তৈরি করতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *