তৃতীয় সন্তানের বাবা হলেন দীনেশ কার্তিক, পরিবারে এল নতুন সদস্য ‘রাহা’

ভারতীয় ক্রিকেট তারকা দীনেশ কার্তিক ও স্কোয়াশ চ্যাম্পিয়ন দীপিকা পাল্লিকল দম্পতির সংসারে এল তৃতীয় সন্তান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার। তাঁদের কোল আলো করে এসেছে এক কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে রাহা পাল্লিকল কার্তিক।
২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতির ঘরে ২০২১ সালে যমজ পুত্র সন্তান, কবীর ও জিয়ান জন্ম নিয়েছিল। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনে এবার নতুন সদস্যের আগমনে উচ্ছ্বসিত কার্তিক পরিবার। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, বড় দুই ভাই তাদের ছোট্ট বোনকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে।
এই আনন্দ সংবাদে ক্রীড়ামহল থেকে শুভেচ্ছার জোয়ার এসেছে। বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও সানিয়া মির্জার মতো তারকারা নবজাতককে ভালোবাসা ও আর্শীবাদে ভরিয়ে দিয়েছেন। বর্তমানে আরসিবির কোচিং স্টাফের সঙ্গে যুক্ত কার্তিকের ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় ভক্তদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।