দক্ষিণবঙ্গের একাধিক পোস্ট অফিসে বোমা আতঙ্ক: তল্লাশিতে মিলল না বিস্ফোরক
February 27, 20267:45 pm

দক্ষিণবঙ্গের হাওড়া, বাঁকুড়া, আসানসোল এবং কাটোয়ার পোস্ট অফিসে বোমা হামলার হুমকি ইমেল ঘিরে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবারের ধারাবাহিকতায় হুমকি বার্তায় সকাল ১১টার মধ্যে অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়। ইমেলে ‘জেহাদি’ মন্তব্যের উল্লেখ থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন ডাকঘরে পৌঁছায় পুলিশ ও বম্ব স্কোয়াড। প্রতিটি পোস্ট অফিসে ব্যাপক তল্লাশি চালানো হয়। হাওড়ার পোস্ট অফিসে সতর্কতা হিসেবে কাজ সাময়িক বন্ধ রাখা হলেও অন্যান্য জায়গায় পরিষেবা স্বাভাবিক ছিল।
বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সরকারি কার্যালয়ে এমন হুমকি ইমেল পাঠানোর ঘটনা ঘটছে। তল্লাশি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোথাও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।