দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব ও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দফতরের

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব ও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দফতরের

আগামী পাঁচ দিন রাজ্যজুড়ে প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির দাপট আরও বাড়বে এবং কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

মঙ্গলবার ও বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার হাওড়া, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝোড়ো হাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার কথা জানানো হয়েছে। এই আবহে আগামী চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে জনজীবনে সাময়িক স্বস্তি ফিরতে পারে।

সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পর বৃষ্টির পরিমাণ কমলেও সপ্তাহ শেষে পুনরায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *