দক্ষিণ কোরিয়া থেকে মধ্যপ্রাচ্যে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরাচ্ছে আমেরিকা

ইরানের ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা অত্যাধুনিক ‘থাড’ (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একাংশ মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে পেন্টাগন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সোসিয়ং-রি অঞ্চল থেকে ট্রাকে করে এই ব্যবস্থার সরঞ্জাম সরিয়ে নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিনঘাঁটি ও সংলগ্ন এলাকায় তেহরানের ড্রোন ও মিসাইল হামলা রুখতেই ওয়াশিংটন এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
আমেরিকার এই পদক্ষেপে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সিওল আশঙ্কা করছে, প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ায় উত্তর কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলো কিম জং উনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। পেন্টাগন এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও সামরিক বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থেকেই এই জরুরি স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ইরান সম্প্রতি দুবাই ও বাহরিনে ড্রোন হামলা চালিয়েছে, যাতে এক ভারতীয়সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলায় দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়াকে অসুরক্ষিত রেখে থাড সরিয়ে নেওয়া কিমের জন্য নতুন সুযোগ তৈরি করবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে।