দলবদল নিয়ে অনুতপ্ত প্রতীক উর, প্রকাশ্যে মহম্মদ সেলিমের কাছে চাইলেন ক্ষমা

সম্প্রতি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া যুবনেতা প্রতীক উর রহমান তাঁর প্রাক্তন রাজনৈতিক সতীর্থ ও বাম সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন। বাম শিবির ত্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নেওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। বাম কর্মীদের মন ভাঙার দায় স্বীকার করে এক সাক্ষাৎকারে প্রতীক জানান, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে দেখা হলে তিনি হাত ধরে ক্ষমা চাইবেন।
প্রতীক উরের দাবি, দলের অভ্যন্তরীণ কিছু পরিস্থিতি এবং নেতৃত্বের নির্দিষ্ট কিছু মন্তব্য তাঁকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। একসময় সেলিমকে ‘গব্বর সিং’ বলে কটাক্ষ করলেও, এখন তিনি নমনীয়। তাঁর মতে, যারা তাঁকে দেখে লড়াইয়ের সাহস পেয়েছিলেন, তাঁদের কাছে তিনি অপরাধী। তবে এই ক্ষমাপ্রার্থনা মোহভঙ্গ নয়, বরং দীর্ঘদিনের সহযোদ্ধাদের প্রতি আবেগঘন বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে প্রতীক জানান, তিনি আগামী ২০-৩০ বছর তৃণমূলের হয়েই মানুষের কাজ করতে চান। সরকারি প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এখন তাঁর মূল লক্ষ্য। বাম ত্যাগের যন্ত্রণা থাকলেও, বর্তমানে তিনি নতুন দলেই ১০০ শতাংশ দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন এবং তৃণমূলের নীতি মেনেই এগিয়ে যাওয়ার কথা স্পষ্ট করেছেন।